সূত্রগুলোর মধ্যে দুটি জানিয়েছে, সিস্টেম হালনাগাদ করার কাজের সময় গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ানে এই অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এর ফলে পুরো প্ল্যাটফর্মটির কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণ মাত্রা কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা অবস্থান, দুর্বলতা বা কার্যক্রম সম্পর্কে বিমানবাহিনী মন্তব্য করে না। বিমানবাহিনী দপ্তরের তথ্য, সিস্টেম ও অভিযানের সক্ষমতা রক্ষায় আমরা ধারাবাহিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকি।’
বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তিগত চাহিদা এক জায়গা থেকে মেটাতে ২০১৭ সালে ক্লাউড ওয়ান চালু করা হয়। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল এবং অ্যালফাবেটের সক্ষমতাকে একত্র করে গড়ে তোলা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা কিংবা রসদ ও রক্ষণাবেক্ষণের মতো অসংখ্য অ্যাপ্লিকেশন পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে বিমানবাহিনীর ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল, যা উত্তর আমেরিকাজুড়ে আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য তথ্যের জোগান একত্র করে। এছাড়া বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেমও এর অন্তর্ভুক্ত।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এসএআইসি। পরে এর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এসএআইসি সাড়া দেয়নি এবং লেইডোস বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে। দুটি সূত্রের মতে, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। একটি সূত্র বলেছে, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা খুবই বড় বিষয়।’ আরেকটি সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে ডেকেছেন তদন্তকারীরা। তবে সাইবার কমান্ডও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ার পর প্ল্যাটফর্মটিতে নানা ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। ওই দুটি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত চতুর্থ আরেকজন ব্যক্তি জানিয়েছেন, ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের যে কাজ দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর অগ্রাধিকার তালিকায় ছিল, তা স্থগিত করা হয়েছে। ক্লাউড ওয়ানে ইতিমধ্যে সচল থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ (আপডেট) প্রক্রিয়াও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতা ধরা পড়ার এই সময়ে বিমানবাহিনীর কর্মীরা সিস্টেম মেরামতের কাজ করতে পারছেন না। পঞ্চম আরেকটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসনিক ক্ষমতা বাতিল করা হয়েছে। পাঁচটি সূত্রই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছে।
একটি সূত্র জানায়, সাইবার অনুপ্রবেশকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে সিস্টেমের কন্ট্রোল প্লেন বা মূল নিয়ন্ত্রণকেন্দ্রে পৌঁছে যায়। ওই ব্যক্তি কন্ট্রোল প্লেনকে একটি ইউনিভার্সাল রিমোটের সঙ্গে তুলনা করে জানান, তাত্ত্বিকভাবে হ্যাকাররা এই প্রবেশাধিকার কাজে লাগিয়ে সামরিক উড়োজাহাজের সচল থাকার অবস্থা কিংবা যন্ত্রাংশ স্থানান্তরের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারত। তবে এ ক্ষেত্রে হ্যাকাররা তেমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়। হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যার দুর্বলতাটি কাজে লাগিয়েছে, তা রয়টার্স শনাক্ত করতে পারেনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সাইবার অনুপ্রবেশ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই এই হ্যাকিংয়ের খবর সামনে এল। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এআই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এআই মডেলগুলো বিশাল নেটওয়ার্কজুড়ে খুব দ্রুত দুর্বলতা খুঁজে বের করতে পারে। মার্কিন সরকার ইতিমধ্যে সম্প্রতি প্রকাশিত অন্তত ছয়টি সাইবার হামলার জের সামলাতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে রয়েছে এফবিআইতে দুটি হামলা, পেন্টাগনের তথ্যে আগের একটি হ্যাকিং, হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থায় নিরাপত্তা লঙ্ঘন এবং ট্রেজারি দপ্তরে হ্যাকিংয়ের ঘটনা।
ক্লাউড ওয়ান দীর্ঘদিন ধরেই হ্যাকারদের নিশানায় ছিল। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে ক্লাউড ওয়ানের শীর্ষ কর্মকর্তারা প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের বিপুলসংখ্যক চেষ্টা শতভাগ সফলতার সঙ্গে প্রতিহত করার দাবি করেছিলেন। সেখানে তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার প্রশ্নে ভুলের কোনো সুযোগ নেই।’
—রয়টার্স





