যশোরে ৩ কোটি ৫৬ লাখ টাকার ১৫টি স্বর্ণের বারসহ আটক ৩

যশোরে বিজিবির হাতে আটক তিনজন ও জব্দ প্রাইভেটকার
এখন জনপদে
0

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেট কার, রুপা, মুঠোফোন, হাতঘড়ি ও নগদ টাকাসহ মোট ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) ভোর চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে থাকা ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন তারা।

বিজিবি আরও জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের স্বর্ণ, ৭ হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম রুপা, ৩২ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার, চারটি মুঠোফোন, দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচার রোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান চলবে।

এএম