জলহস্তী ফিওনার মৃত্যু, স্মরণে মার্কিন সিনেটে প্রস্তাব পাস

ফিওনা, জলহস্তী
বিদেশে এখন
0

নয় বছর বয়সী জনপ্রিয় জলহস্তী ফিওনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকে স্তব্ধ তার লাখ লাখ অনুসারী। ফুল ও নানা উপহার নিয়ে শেষবারের মতো প্রিয় ফিওনাকে স্মরণ করছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানার মূল ফটকের বাইরে ফিওনার প্রতিকৃতির সামনে জমে উঠেছে ফুলের স্তূপ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি অসাবধানতাবশত একটি শীতের টুপি খেয়ে ফেললে অসুস্থ হয়ে পড়ে ফিওনা। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল। চিড়িয়াখানার কর্মীরা দিনরাত ২৪ ঘণ্টা নিবিড় পরিচর্যা ও চিকিৎসা চালিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমের এই তারকাকে বাঁচাতে পারেননি। আকৃতিগত কারণে অস্ত্রোপচারও সম্ভব ছিল না। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মেনে বৃহস্পতিবার মারা যায় ফিওনা।

ফিওনার মৃত্যুতে আবেগাপ্লুত দর্শনার্থীদের একজন বলেন, খবরটি শুনে তিনি কেঁদে ফেলেছেন; কারণ জন্মের কিছুদিন পর থেকেই তারা ফিওনাকে দেখতে আসতেন। আরেক দর্শনার্থী জানান, খবরটি শুনে তিনি হতবাক ও পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন।

এদিকে ফিওনার প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়েছে মার্কিন সিনেটও। গত ২০ নভেম্বর ফিওনার জীবনসংগ্রাম ও মানুষের মনে তার প্রভাবের স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব পাস করে সিনেট। একই সঙ্গে ফিওনার চিকিৎসা ও পরিচর্যায় নিয়োজিত চিড়িয়াখানার চিকিৎসক, কর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সিনেটে দেওয়া বক্তব্যে ফিওনাকে স্মরণ করে বলা হয়, শুধু সিনসিনাটি বা ওহাইওর মানুষই নয়, ফিওনা সবার কাছেই খুব প্রিয় ছিল। তাকে একঝলক দেখতে প্রতিদিন চিড়িয়াখানায় ভিড় করতেন অসংখ্য মানুষ।

২০১৭ সালে নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ আগেই জন্ম নেয় ফিওনা। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ২৯ পাউন্ড বা প্রায় ১৩ কেজি, যা স্বাভাবিক জলহস্তীর বাচ্চার তুলনায় অনেক কম ছিল। শুরুতে বেঁচে থাকার সম্ভাবনা কম থাকলেও চিকিৎসক ও কর্মীদের নিবিড় যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে।

ফিওনার বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তের খবর নিয়মিত প্রকাশ করত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ অনুসারী তৈরি হয় এবং তাকে নিয়ে শিশুদের বইয়ের সিরিজও প্রকাশিত হয়। সাধারণত বন্দিদশায় একটি জলহস্তী ৩৫ থেকে ৫০ বছর বেঁচে থাকলেও মাত্র নয় বছর বয়সে ফিওনার মৃত্যুতে শোকস্তব্ধ চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও দর্শনার্থীরা।

এএম