নিউজিল্যান্ডে নির্বাচনের চূড়ান্ত ফল আজ; নির্ধারিত হবে পার্লামেন্টের ভাগ্য

নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের নির্বাহী শাখা বি-হাইভের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নারীরা
বিদেশে এখন
0

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ শুক্রবার প্রকাশ করা হচ্ছে। সরকারি এই ভোট গণনার মধ্য দিয়ে নিশ্চিত হবে দেশটির ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি সরকার তাদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারছে কি না। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর নিউজিল্যান্ডের নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছিল, ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন তিনদলীয় জোট মাত্র দুটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ধুঁকতে থাকা অর্থনীতি এবং প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দলের ওপর ভোটারদের হতাশার মধ্য দিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার প্রকাশিত হতে যাওয়া চূড়ান্ত ফলাফলে প্রায় ৪ লাখ বিশেষ ভোট যুক্ত হবে। এর মধ্যে রয়েছে প্রবাসিদের দেয়া ভোট এবং অতিরিক্ত যাচাই-বাছাইয়ের প্রয়োজন হওয়া ব্যালট। অতীতে দেখা গেছে, এই বিশেষ ভোটগুলো সাধারণত বামপন্থিদের পক্ষে যায় এবং গণনা শেষে ডানপন্থি দলগুলোর সমর্থন কিছুটা কমে আসে। ফলে লেবার পার্টি ও ন্যাশনাল পার্টির প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়া আসনগুলোতে এই ভোটগুলোই নির্ধারকের ভূমিকা পালন করতে পারে।

চূড়ান্ত ফলাফল প্রকাশের পর বিভিন্ন দলের নেতারা তাদের প্রতিক্রিয়া জানাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য সরকার গঠনের সমঝোতা নিয়ে আলোচনাও গতি পাবে।

নিউজিল্যান্ডের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনি ব্যবস্থায় সরকার গঠনের জন্য প্রায়ই বড় দলগুলোকে ছোট শরিকদের সঙ্গে সমর্থনের চুক্তিতে যেতে হয়। দেশটির পার্লামেন্টে ৭১টি সরাসরি নির্বাচনি আসন এবং অন্তত ৪৯টি দলীয় তালিকাভিত্তিক আসন রয়েছে। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে মোট আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয়। চূড়ান্ত এই ফলাফলের মাধ্যমে প্রতিটি দলের পাওয়া সরাসরি ও তালিকাভিত্তিক আসনের সংখ্যা নির্ধারিত হবে, যা পার্লামেন্টের পরবর্তী মেয়াদে ক্ষমতার ভারসাম্যের একটি স্পষ্ট চিত্র তুলে ধরবে।

এএম