ম্যানহাটনের ওয়েস্ট সাইড দিয়ে ঝলমলে ফ্লোট। আর এরমধ্য দিয়েই বিভিন্ন কার্টুন আর এনিমেশন চরিত্রের বিশাল বিশাল সব বেলুন নিয়ে এগিয়ে চলেছে মার্চিং ব্যান্ডের স্রোত। নির্ধারিত সময়ের দুইদিন পর নিউইয়র্কের রাস্তায় ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং প্যারেড ঘিরে দর্শনার্থীদের উন্মাদনার কোন কমতি ছিলনা।
দর্শকদের মাথার ওপর ভেসে বেড়ানো বেলুনগুলোর মধ্যে ছিল ব্লুই, হ্যালো কিটি, সর্সারার্স অ্যাপ্রেন্টিস মিকি এবং বাকারু বব দ্য মিনিয়ন; পাশাপাশি ফিরে এসেছে আন্ডারডগ ও ব্লু হিপোপটেমাসের মতো পুরোনো জনপ্রিয় বেলুন। ঐতিহ্যবাহী জমকালো এই প্যারেডের শততম বার্ষিকী উদযাপনেই বেলুনের এমন বৈচিত্র্য।
বৈরী আবহাওয়ায় প্যারেড স্থগিত হওয়ার দুদিন পর নিউইয়র্কের আকাশ ছিল পরিস্কার। মনোরস আবহাওয়ার মধ্যেই শনিবার স্থানীয় সময় সকাল ৮:৩০ মিনিটে শুরু হওয়া আড়াই মাইলের এই প্যারেডে ছিল রেকর্ড ১০০টি বেলুন, ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনাও। যেখানে এলএল কুল জে ও কুইন লতিফার মতো তারকাসহ একাধিক জনপ্রিয় শিল্পী অংশ নেন।
ঐতিহ্য অনুযায়ী প্যারেডের শেষ আকর্ষণ হিসেবে রেডিও সিটি রকেটস এর মনোমুগ্ধকর পরিবেশনার পর সান্তা ক্লজের আগমনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের উৎসবের। পুরো আয়োজনটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। থ্যাংকসগিভিং প্যারেড উপভোগে নিউইয়র্ক সিটিতে জড়ো হন দেশি-বিদেশি প্রায় ৩৫ লাখ দর্শনার্থী।
১৯২৪ সালে ডিপাটমেন্ট স্টোর চেইন মেসি এ প্যারেডের সূচনা করেছিল এবং এখন পর্যন্ত তারা এর মূল আয়োজক। ১৯৫৩ সাল থেকে এটি এন.বি.সি.তে সরাসরি সম্প্রচার হয়ে আসছে। তবে, ১০০ বছরের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম এটি স্থগিত হয়েছিল।





