বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে ৩১ বিজিবির অধীন চারুয়াপাড়া ও বিজয়পুর বিওপি পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে এসব অভিযান চালায়।
এর মধ্যে সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে ময়মনসিংহের ধোবাউড়া থানার গাছুয়াপাড়া এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চারটি যৌথ অভিযান চালানো হয়। এ সময় ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসব অভিযানে চারজনকে আটক করা হয়।
আটক চারজন হলেন ময়মনসিংহের ধোবাউড়া থানার গোবরচুনা গ্রামের মো. রুবেল হোসেন, এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) এবং মো. আজহারুল ইসলাম (২৭)। তাদের মধ্যে মো. রুবেল হোসেনের বাবা মৃত নুরুল ইসলাম এবং তার বিরুদ্ধে আগে থেকে তিনটি মামলা রয়েছে। মো. আজহারুল ইসলামের বাবা মৃত আবদুল করিম।
অন্যদিকে বিজয়পুর বিওপির উদ্যোগে সীমান্ত পিলার ১১৪৯/এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে নেত্রকোনার দুর্গাপুরের জগতকুড়া এলাকায় আরেকটি যৌথ অভিযান চালানো হয়। এ সময় মো. হারুন মিয়া (৪২) নামের এক মানব পাচারকারীকে আটক করা হয়। তার বিরুদ্ধেও আগে থেকে তিনটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক পাঁচজনই চোরাচালানের সঙ্গেও জড়িত। চারুয়াপাড়া বিওপির হাতে আটক চারজনকে ধোবাউড়া থানায় এবং বিজয়পুর বিওপির হাতে আটক একজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





