ব্রড পিকে হিমবাহ ধস: নিখোঁজ নির্মল পুর্জাসহ ১০ পর্বতারোহী

ব্রড পিকে হিমবাহ ধস
এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানে, কুখ্যাত ডেথ জোনের ব্রোড পিকে, হিমবাহ ধসে নিখোঁজ ১০ পর্বতারোহী। নিখোঁজের তালিকায় বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুর্জাসহ নেপালের ছয়জন এবং যুক্তরাষ্ট্র, চীন, ওমান ও পাকিস্তানের একজন। অনিশ্চিতভাবে জানা যাচ্ছে চারজনের মরদেহ শনাক্তের খবর। চারটি জিপিএস ট্র্যাকার শনাক্ত হলেও দৃশ্যপটের একেবারেই বাইরে বাকি ছয়জন। কয়েক হাজার মিটার উচ্চতায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ব্যাহত উদ্ধারকাজ।

বিশ্বের ১২তম সুউচ্চ পর্বত ব্রোড পিক, পাকিস্তানের কারাকোরাম রেঞ্জে তৃতীয় সর্বোচ্চ। ব্রোড পিক নামটাই দেয়া হয়েছে, চূড়ার অস্বাভাবিক দীর্ঘ শৈলশিরাটির বদৌলতে, যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। ২০১২ সালের মার্চ থেকে ১৪ বছরে ব্রোড পিকে সফল আরোহণের সংখ্যা মাত্র ৪০৪টি, একই সময়ে প্রাণ গেছে ২১ পর্বতারোহীর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র তথ্য, ব্রোড পিকে মৃত্যুর হার পাঁচ শতাংশ; বিশ্বের শীর্ষ এভারেস্টে যে হার এক শতাংশেরও কম।

আট হাজার ৫১ মিটার উঁচু এই ব্রোড পিকেই চূড়ার পথে ছিলেন ১০ সদস্যের আন্তর্জাতিক পর্বতারোহীদের একটি দল। বৃহস্পতিবার হিমবাহ ধসের পর থেকে যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুর্জাসহ নিখোঁজদের তালিকায় একজন মার্কিন, একজন চীনা, একজন ওমানি, একজন পাকিস্তানি এবং ছয়জন নেপালি। তাদের খোঁজ ও উদ্ধারে তাৎক্ষণিকভাবেই শুরু হয় জোরদার অভিযান।

আরও পড়ুন:

প্রতিকূল আবহাওয়ায় থেমে থেমে চলছে উদ্ধারকাজ। যোগ দিয়েছে দু’টি সামরিক হেলিকপ্টার পাঠিয়েছে পাকিস্তান। উদ্ধারকাজে সমন্বয় করছে পাকিস্তান ও নেপালের আল্পাইন ক্লাব। সহযোগিতার জন্য কে-টু, কে-থ্রিসহ আশপাশের বিভিন্ন পর্বতে অবস্থানরত আরোহীরাও হাত লাগিয়েছেন খোঁজাখুঁজির কাজে। ব্যবহার করা হচ্ছে ড্রোনও। পাকিস্তান ও নেপালের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, শুক্রবার কয়েকজনের মরদেহ মিলেছে। নির্মল পুর্জাসহ বাকিদের খোঁজে অভিযান অব্যাহত।

হিমবাহ ধসের পরেও সক্রিয় ছিল এবং নড়াচড়া দেখা যাচ্ছিলো নির্মল পুর্জার সঙ্গে থাকা জিপিএস ট্র্যাকারটিতে। নেপালি বংশোদ্ভূত ব্রিটিশ সেনাবাহিনীর রয়্যাল মেরিনের সাবেক এই সদস্য, অক্সিজেন ছাড়া বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উঁচু পর্বতের সবগুলো দ্বিতীয়বার আরোহণ করা প্রথম ব্যক্তি হিসেবে নতুন রেকর্ড গড়তে উঠেছিলেন ব্রোড পিকে। লক্ষ্যে পৌঁছাতে আর মাত্র একটি পর্বতে সফল আরোহণ বাকি তার।

‘ডেথ জোন’ হিসেবে কুখ্যাত ১৪ পর্বতের সবগুলো পুর্জা জয় করেন ২০১৯ সালে, মাত্র ছয় মাসের মধ্যে, গড়েন রেকর্ড। এছাড়া দ্রুততম সময়ে বেশ কয়েকটি সর্বোচ্চ পর্বত আরোহণে বিশ্বরেকর্ড গড়ে গিনেসে নাম লিখিয়েছেন ছয়বার।

জিপিএস থেকে পাওয়া সবশেষ তথ্য বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হিমবাহে ধস শুরু হয়। ওই সময়ের মধ্যে চূড়া থেকে ৫০০ থেকে দেড় হাজার মিটারের বেশি নেমে এসেছিলেন মার্কিন ও ওমানী দুই পর্বতারোহী। সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় থেকে সাত হাজার মিটার উচ্চতায় চারজনের ট্র্যাকার শনাক্ত হয়েছে যারা জীবিত না নিখোঁজ, জানা নেই। দৃশ্যপটের একেবারেই বাইরে বাকি ছয়জন।

এসএস