মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের অর্থনীতি পঙ্গু করে দিতে বিভিন্ন নিষেধাজ্ঞা ও কূটনৈতিক পদক্ষেপের মূল রূপকার হিসেবে কাজ করছেন বেসেন্ট। নিষেধাজ্ঞার জালের মাধ্যমে তেহরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ কোণঠাসা করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে তিনিই প্রথম নন; ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চিফ অব স্টাফ স্টিফেন মিলারও এর আগে ব্যক্তিগত বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটি কিংবা বিশেষ সুরক্ষিত আবাসে চলে গেছেন।
গত মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন জানান, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলেও মার্কিনিদের নিশানা করতে তেহরান তাদের তৎপরতা জোরদার করেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বেসেন্টসহ বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার এই ষড়যন্ত্র অনেক দূর এগিয়েছে। তবে বেসেন্টের ক্ষেত্রে হুমকির মাত্রা ঠিক কতটা মারাত্মক ছিল, তা নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংবেদনশীল এই বিষয়ের সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাতে জানা গেছে, ওয়াল স্ট্রিট জার্নালে বেসেন্টের জর্জটাউনের বাড়ির একটি আকাশচিত্র প্রকাশিত হওয়ার পর তার নিরাপত্তাহীনতা আরও বেড়ে যায়। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ১ কোটি ২৫ লাখ ডলার দিয়ে তিনি ওই বাড়িটি কিনেছিলেন। ছবিটি প্রকাশের পর তার বাড়ির অবস্থান স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়ে পড়ে। এরপরই নিরাপত্তার স্বার্থে তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়।
হরমুজ প্রণালি উন্মুক্ত করতে এবং বাণিজ্যিক জাহাজে আক্রমণ বন্ধে তেহরানকে বাধ্য করতে গত আগস্ট থেকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের অর্থনৈতিক চাপ প্রয়োগ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। পাশাপাশি ইরানি বন্দরে মার্কিন নৌ-অবরোধও কার্যকর রাখা হয়েছে। মার্কিন ট্রেজারি দপ্তরের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ইরানি সরকারের হুমকিতে ট্রেজারি সেক্রেটারি পিছু হটবেন না। তিনি অবরোধ বজায় রাখাসহ এই অভিযান বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
তবে মার্কিন ভূখণ্ডে কোনো কর্মকর্তা বা নাগরিকের ওপর হামলার চক্রান্তের অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে ইরান। এর আগে তেহরান-সমর্থিত হুথিদের হামলার আশঙ্কায় গত মাসে সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেয়া হয়েছিল। এছাড়া সম্ভাব্য ইরানি হুমকির মুখে সম্প্রতি যুক্তরাজ্যের দুটি সামরিক ঘাঁটি থেকেও কিছু যুদ্ধবিমান প্রত্যাহার করেছে পেন্টাগন।





