রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ইউক্রেনকে আহ্বান ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ইউরোপ
বিদেশে এখন
0

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, কিয়েভের হামলায় বিশ্বে প্রকট হচ্ছে জ্বালানি সংকট। এদিকে ট্রাম্পের যুদ্ধ বন্ধের উদ্যোগের মধ্যেও ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত এলাকায় হামলা জোরদার করেছে মস্কো। নতুন করে দু’দেশের সীমান্তবর্তী একটি স্টেশনে যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এদিকে সীমান্ত এলাকায় রুশ হামলার নিন্দা জানিয়ে দেশটির ওপর আরও কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে পোল্যান্ড।

হঠাৎ ট্রেনে আগুন ধরে যাওয়ায় প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটছেন যাত্রীরা। সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধে এভাবেই বিভিন্ন সময় মস্কোর অতর্কিত হামলা থেকে প্রাণ বাঁচাতে ক্লান্তিহীন ছুটে চলা ইউক্রেনীয়দের।

রোববার ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে, ইয়াহোদিন রেলস্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন ছোঁড়ে রাশিয়া। এতে মূহুর্তেই আগুন ধরে ট্রেনের বেশ কয়েকটি বগিতে। তবে স্বস্তির খবর হলো। হামলার ১৫ মিনিট আগেই সব আরোহীদের ট্রেন খালি করার নির্দেশ দেয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা কর্মকর্তাদের বহনকারী একটি ট্রেন স্টেশনটি ছেড়ে যায়। হামলার দায় স্বীকার করেছে রাশিয়া। আর ইউক্রেনের অভিযোগ, যাত্রীবাহী ট্রেন নয়, মস্কোর হামলার লক্ষ্যবস্তু ছিল বরিসনসহ কূটনীতিকদের বহনকারী বিশেষ ট্রেন।

এদিকে ইউক্রেনের রেল অবকাঠামোতে হামলার মাধ্যমে রাশিয়া নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বরিস জনসন। কোন বিকৃত যুক্তিতে পুতিন এসব হামলার নির্দেশ দিচ্ছেন- এমন প্রশ্নও ছুঁড়ে দেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

শুধু রেল অবকাঠামো নয়, ইউক্রেন-পোলিশ সীমান্তে সাম্প্রতিক সময়ে দূরপাল্লার হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। যা নিয়ে নিন্দার ঝড় পোল্যান্ডের প্রধানমন্ত্রীর কণ্ঠে। হামলা রুখতে রোববার একটি জরুরি বৈঠকে বসেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। রাশিয়াকে কোণঠাসা করতে আরও নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়াতে ইইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান পোলিশ প্রধানমন্ত্রী।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ‘আমাদের নিজস্ব সূত্র ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে যতদূর জেনেছি, এসব হামলা আগামী দিনেও চলবে। কিন্তু আজ থেকে আমরা সতর্ক অবস্থানে থাকবো। সীমান্ত এলাকায় বাড়তি সুরক্ষা বলয় গড়ে তুলবো।’

রাশিয়ার অভিযোগ, ইউক্রেন- পোলিশ সীমান্ত দিয়ে কিয়েভে অস্ত্র সরবরাহ করে ইউরোপের দেশগুলো।

এদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ক্রমাগত হামলায় বিশ্বে জ্বালানি ঘাটতি প্রকট হওয়ায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘রাশিয়া থেকে প্রচুর পরিমাণ ডিজেল বিশ্ব বাজারে যোগ হয়। কিন্তু কিয়েভের হামলায় রাশিয়ার জ্বালানি প্ল্যান্টগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়াচ্ছে। এ কারণে ইউক্রেনকে এসব অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

সাম্প্রতিক সময়ে রুশ হামলার জবাবে মস্কোর একাধিক তেল স্থাপনাকে টার্গেট করছে কিয়েভ। এতে করে তেলসমৃদ্ধ রাশিয়াতেই দিন দিন বাড়ছে জ্বালানি সংকট।

এসএস