কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত অন্তত ৯

কিয়েভে রাশিয়ার হামলা
ইউরোপ
বিদেশে এখন
0

ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে রুশ ড্রোন হামলায়ও অন্তত একজন নিহতের খবর মিলেছে। এছাড়া কিয়েভের একটি মেডিকেল সেন্টারে রুশ ড্রোন হামলায় সাতজনসহ আহত অন্তত ৮০ জন। এর মধ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, উত্তর কোরিয়া রাশিয়ায় আরও ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নির্বাচনি প্রচারণায় বিঘ্ন ঘটানো ও নাশকতা চালানোর অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গেল কয়েক সপ্তাহে আবারও কিয়েভসহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে রাশিয়া।

প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, কিয়েভজুড়ে ভয়াবহ হামলায় রাশিয়া দ্রুত ও উচ্চগতি সম্পন্ন জেট ড্রোন ও শাহেদ ড্রোন ব্যবহার করেছে। হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৮০ জন।

ভ্লোদিমির জেলেনস্কি বলেন, ‘সারা দিন ধরে শাহেদ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে অনেকগুলোই ছিল জেট-চালিত। ১২০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে, যার মধ্যে ৯০টিই জেট-চালিত। দুঃখজনকভাবে হতাহতের ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নয়জন নিহত হয়েছেন। তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’

কিয়েভের একটি মেডিকেল সেন্টারে রুশ ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন। এছাড়া রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে রুশ ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। ঐতিহাসিক ভবনটিতে বিস্ফোরণের আগুন ছড়িয়ে পড়লে মানুষ প্রাণে বাঁচতে দ্বিতীয় তলার জানালা দিয়ে হুড়মুড় করে লাফিয়ে নিচে নামেন।

আরও পড়ুন:

এর মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, রাশিয়ায় আরও ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। তবে রুশ ভূখণ্ডে এরইমধ্যে আরও অন্তত ৮ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নির্বাচনি প্রচারণায় বিঘ্ন ঘটানো ও নাশকতা চালানোর অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। জানান, নির্বাচনের পর কিয়েভের সঙ্গে আলোচনা ফের শুরু করতে প্রস্তুত ছিল মস্কো। কিন্তু ভোট চলাকালীন মস্কোর ওপর ইউক্রেনের বড় ধরনের হামলায় লক্ষবস্তু করা হয়েছে ভোটকেন্দ্রগুলোকে।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘নির্বাচনি প্রচারণায় বিঘ্ন ঘটানো এবং আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সব প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ। এটা জানা গেছে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহারের প্রচেষ্টা পরিকল্পিত। সেটি কিছুটা বাস্তবায়িতও হয়েছিল। কিন্তু রাশিয়ার জনগণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সার্বভৌম অধিকার রক্ষা করেছে।’

ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান, তেল স্থাপনা এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের দু’টি বড় প্রতিষ্ঠানের ডেটা প্রসেসিং সেন্টারেও হামলা চালিয়েছে। প্রতিষ্ঠান দু’টি দেশটির সশস্ত্র বাহিনীর ইন্টারনেট পরিষেবা দিতো ও গোয়েন্দা তথ্য সংরক্ষণ করত।

এসএস