জ্বালানি যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের; খারকিভে রুশ হামলায় নিহত ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

পাল্টাপাল্টি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিয়েভ এটিকে স্বাগত জানালেও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। আর জেলেনস্কির দাবি, ট্রাম্পের ঘোষণার পরও ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করছে মস্কো। নতুন করে ইউক্রেনের খারকিভে রুশ হামলায় প্রাণ গেছে তিনজনের। এছাড়া খারকিভের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছেন বাসিন্দারা।

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে ডিজেলের দাম সহনীয় পর্যায়ে আনতে করণীয় সব উদ্যোগই গ্রহণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারবাহিকতায় দীর্ঘদিনের বিরোধ ভুলে মস্কো থেকে তিন লাখ টনের বেশি ডিজেল কিনতে সম্মত হন তিনি।

এছাড়া শনিবার এক ট্রুথ সোশ্যাল বার্তায় ট্রাম্প দাবি করেন পাল্টাপাল্টি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধে ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ সম্মত রাশিয়া- ইউক্রেন। দাবি করেন, শিগগিরই কার্যকর হবে এই যুদ্ধবিরতি।

মার্কিন প্রেসিডেন্টের হঠাৎ রাশিয়া প্রীতিতে শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নাখোশ হলেও পরে ঠিকই ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানায় কিয়েভ। তবে জেলেনস্কির অভিযোগ, এটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বহাল রেখেছে মস্কো।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘কিছুক্ষণ আগেই খারকিভে তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুধু এক সপ্তাহেই ইউক্রেনের দুই শতাধিক বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। আমরা শান্তি চাই। কিন্তু রাশিয়া সত্যিই শান্তির প্রত্যাশা করে কি না তা স্পষ্ট নয়।’

আরও পড়ুন:

যদিও জ্বালানি যুদ্ধবিরতির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্রেমলিন। আর ট্রাম্পের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। পাশাপাশি রাশিয়া যাতে যুদ্ধবিরতি শর্ত মেনে চলে তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারির আহ্বানও জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, ‘জ্বালানি যুদ্ধবিরতি কার্যকর থাকুক এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু অতীতেও যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে রাশিয়া সাড়া দেয়নি।’

এদিকে ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি দোকানের সামনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে শহরটির একটি তাপবিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনার পরিকল্পনা থেকে সরে আসতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছেন মার্কিন ছয় সিনেটর। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপনের আইনি ভিত্তি আছে হোয়াইট হাউজের।

এসএস