ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, অক্ষত প্রধানমন্ত্রী

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইয়েমেনের এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে অক্ষত আছেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। বিপরীতে গেল একদিনে বিদ্রোহীদের দমনে এক হাজার ২০০ এর বেশি অভিযান পরিচালনার দাবি সরকারি বাহিনীর। অন্যদিকে মদিনা ও খামিশ মুশাইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে এসব হামলার দায় অস্বীকার করলেও ফের সৌদির আকাশসীমা এড়িয়ে যেতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে হুথিরা।

এতদিন ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন শহর, সামরিক বাহিনীর অবকাঠামো, তেলক্ষেত্র ও বাব- আল মান্দেবের আশেপাশের অঞ্চলগুলোতে হামলা চালালেও, এবার সরাসরি দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়ে ফের নিজেদের শক্তির জানান দিল হুথি বিদ্রোহীরা।

গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) দক্ষিণ ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ আল- মাশিক হঠাৎই কেঁপে ওঠে একের পর একে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে।

পরে হামলার দায় স্বীকার করে হুথি নিয়ন্ত্রিত সাবা নিউজ জানায়, প্যাসাদের ভেতরে সৌদি সামরিক কর্মকর্তাদের পরিচালিত একটি দপ্তরকে টার্গেট করা হয়েছে। যদিও হামলায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা অক্ষত আছেন বলে নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী মোয়াম্মার আল- ইরিয়ানি।

আরও পড়ুন:

বিপরীতে গেল একদিনে হুথি নির্মূলে চলমান অপারেশন ডন অফ ইয়েমেনের অংশ হিসেবে ১২শ'র বেশি অভিযান পরিচালনার দাবি করেছে সরকারি বাহিনী। গুঁড়িয়ে দেয়া হয়েছে সানার পাহাড়ি এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্রের মজুত।

এদিকে পবিত্র নগরী মদিনা ও দক্ষিণ সৌদির খামিশ মুশাইত বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। যদিও হুথিদের দাবি, নতুন দফায় সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো হামলা চালায়নি তারা। আর অক্টোবরের প্রথম ১১ দিনেই রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিরা ২০টি হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সৌদি জোটের মুখপাত্র।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল- মালকি বলেন, ‘অক্টোবরের ১ থেকে ১১ তারিখের মধ্যে শুধু কিং খালিদ বিমানবন্দরেই ২০টি হামলা চালিয়েছে হুথিরা। এর মধ্যে ১০টি ড্রোন, ৮টি ক্ষেপণাস্ত্র ও ২টি প্রোজেক্টাইল ছুঁড়েছে তারা। এসব হামলার জবাবে গেল কয়েকদিনে আমরা হুথি নিয়ন্ত্রিত পাহাড়ি এলাকায় ১২৭টি অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, ফের একবার সৌদির আকাশসীমায় চলাচল করা বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে হুথিরা। মক্কা- মদিনা বাদে সৌদির কোনো আকাশসীমাই চলাচলের জন্য নিরাপদ নয় বলে সতর্ক করেছে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি।

এসএস