নিচে নামছেই না মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ। বৃহস্পতিবার ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা হয়। জবাবে বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডারকে লক্ষ্য করে হামলা চালায় আই আরজিসিসি। যদিও এখন পর্যন্ত কোনো দেশ বা পক্ষ আনুষ্ঠানিকভাবে সিরিকে হামলার দায় স্বীকার করেনি।
আরেকদিকে সৌদি, কাতার, বাহরাইনসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে ফের ইরানে হামলা চালানো থেকে বিরত আছেন ট্রাম্প। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি ফের ইরানে হামলা চালাতে দ্বিধা করবেন না বলে জানান। এছাড়াও যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে কোন চুক্তির দরকার নেই বলেও জানান ট্রাম্প।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দেশের অভ্যন্তরীণ অপরাধ-দুর্নীতির বিষয়ে মনোযোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একদিন আগেই ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের কট্টরপন্থি নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা আছে ভ্যান্সের। এরও এক সপ্তাহ আগে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন ভ্যান্স।
মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরান ও জনগণকে নতজানু করতে চেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারাই নতজানু হচ্ছে। সংঘাত-হুমকি সত্ত্বেও ইরানের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টা চালু রয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে তেহরানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ওয়াশিংটনের প্রচেষ্টা ব্যর্থ।’
আরও পড়ুন:
এভাবেই জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ফের মার্কিন যুদ্ধনীতির কড়া সমালোচনা করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
আরেকদিকে হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না বলে জানালেন- ইরানের স্পিকার বাঘের গালিবাফ। হরমুজে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। এ কারণেই ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র-বিষয়ক আইন এ প্রণালির ক্ষেত্রে খাটবে না বলেও মন্তব্য করেন তিনি। গালিবাফ স্পষ্ট করেন, প্রণালির নিয়মগুলো তীরবর্তী দুই দেশের আইনেই পরিচালিত হবে।
ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ বলেন, ‘দেখুন, আমরা যুদ্ধ বা শান্তির মাঝামাঝি কোনো অবস্থানকে স্থির থাকার মতো পরিস্থিতি মনে করি না। আমরা যুদ্ধ বা শান্তির মাঝামাঝি অবস্থা থেকে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ। যুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমেই সেটি অর্জিত হতে পারে বিষয়টি তেমনটা নয়। না। আমাদের দেশ একটি টেকসই প্রতিরোধ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে।’
ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর মাধ্যমে ইরান সমর্থিত হুথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। গোষ্ঠীটির ড্রোন-ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত উপাদান ও রাসায়নিক সরবরাহ বন্ধ করতেই এ পদক্ষেপ।
এর মধ্যেই ফের সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা জোরদার করেছে হুথিরা। দেশটির পশ্চিমাঞ্চলের তেলের পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন, ইয়ানবুর একটি তেল স্থাপনা এবং ইয়েমেন সীমান্তে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে হামলার দাবি করেছেন হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এসব হামলার জেরে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি আরবের বিভিন্ন রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে। আরেকদিকে তাইজের ধুবাব থেকে সেনা প্রত্যাহারের খবর অস্বীকার ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের।





