রোববার ভোরবেলায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে পূর্ব লিবিয়ার বেনগাজি নৌবন্দর। সন্দেহজনক ড্রোন হামলায় নোঙর করা রুশ জাহাজে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। জাহাজটি লক্ষ্য করে ছোড়া ড্রোনের আঘাতে ডুবে যায় যুদ্ধজাহাজটি।
এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ কর্তৃপক্ষ। লিবিয়ার সরকার জানিয়েছেন, জাহাজটি রাশিয়া ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বেনগাজি বন্দরে নোঙর করেছিল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এর কয়েক ঘণ্টা পরই বেনগাজি উপকূলে অ্যাসকালন নামের রাশিয়ার আরেকটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলা শিকার হয়। আহত বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে লিবিয়ার নৌবাহিনী। এসময় তারা বেনগাজি উপকূল থেকে ২০টির বেশি ড্রোন বোট আটক করে।
আরও পুন:
এই হামলায় গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে লিবিয়ার জাতিসংঘ মিশন। সামাজিক মাধ্যমে সংস্থাটি বলেছে, লিবিয়া বিদেশি সংঘাতের যুদ্ধক্ষেত্র হতে পারে না। এদিকে, লিবিয়ার সামরিক মুখপাত্র জানিয়েছেন, বেনগাজির বন্দরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
গেল শনিবার বাল্টিক সাগরেও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রুশ পণ্যবাহী জাহাজ স্পার্টা টু ফিনল্যান্ডের জলসীমা থেকে সরিয়ে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্দার স্টাব।
এদিকে গেল একদিনে ইউক্রেনের ৭৯২টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। অন্যদিকে, রুশ বাহিনীর প্রায় ১৪শ' ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। এছাড়া, একে অপরের জ্বালানি ও সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে দু’পক্ষ।
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। আংশিকভাবে ধসে পড়া ভবনটিতে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় এক শিশুকে।





