লাল কালিতে সমাধির মধ্যভাগে ইংরেজি বড় হাতের অক্ষরে জ্বলজ্বল করছে ট্রাম্পের নাম। শোরগোল ফেলে দেয়া এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ খ্রিস্টানদের একটি সমাধিস্থানে।
ফ্লোরিডার টাম্পা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত প্যালমোটো শহরের ওল্ড মেমফিস সমাধিস্থলটি মূলত আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনিদের জন্য বরাদ্দ।
সম্প্রতি এখানকার অন্তত ১৭টি সমাধিস্তম্ভ ভাঙচুর ঘটনা ঘটেছে। আর এগুলোতে লাল অক্ষরে লেখা ট্রাম্প ও ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডি সান্টিসের নাম।
আরও পড়ুন:
ফ্লোরিডা পুলিশের ধারণা গত কয়েক সপ্তাহের মাঝে এসব ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এমন কাণ্ডে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ওল্ড মেমফিসে সমাহিত পরিবারগুলো ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘এটা বড় অন্যায়। আমি জানি না কার এত সাহস হয় যে, কবরে ঢুকে ভাঙচুর করে।’
অন্য একজন বলেন, ‘আমি ক্ষুব্ধ। এখানে আমার পরিবার ও পরিচিত অনেকের সমাধি আছে। তবে সমাধির গায়ে ট্রাম্পের নাম দেখে আমার ধারণা হচ্ছে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।’
আরও পড়ুন:
সমাধিস্থল ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গেল। তিনি জানান, জঘন্য এ কাজের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
তবে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই ভাঙচুরের ঘটনা মার্কিন রাজনৈতিক মহলে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। কেননা এর আগেও বর্ণবাদী বক্তব্যের কারণে বিতর্কিত হয়েছেন ট্রাম্প। এছাড়াও তার প্রশাসনের বিরুদ্ধে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালা ধ্বংসের অভিযোগ রয়েছে।





