ক্রিসমাস আসতে বাকি আরও একমাস, যদিও এরইমধ্যে দেশে দেশে শুরু হয়ে গেছে উদযাপনের প্রস্তুতি। জার্মানির ডর্টমুন্ডে হাজারো উৎসুক মানুষের এই উপস্থিতি ক্রিসমাস ট্রির আলোকসজ্জা ঘিরে। শহরের সবচেয়ে উঁচু ক্রিসমাস ট্রি'র বর্ণিল আলোকসজ্জা দেখে মুগ্ধ দর্শনার্থীরা।
১৯৯৬ সাল থেকে প্রতিবছর ডর্টমুন্ডে এই ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়। এটি ক্রিসমাস মার্কেটের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এমনকি 'ক্রিসমাস সিটি' নামেও পরিচিতি রয়েছে শহরটির।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘এখানকার পরিবেশটা বেশ চমৎকার। এই মার্কেট বার্লিনের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। আর ক্রিসমাস মার্কেট থাকলে তো কথাই নেই।’
অন্য একজন বলেন, ‘বড়দিনের প্রস্তুতি তো বেশ কিছুদিন ধরেই চলছে, কারণ যত তাড়াতাড়ি সাজসজ্জা শুরু করবেন, ততদিন আপনি খুশি থাকবেন। আর ক্রিসমাস ট্রি-ও তারই অংশ।’
ডর্টমুন্ডের পাশাপাশি বার্লিনেও দেখা দিয়েছে উৎসবের আমেজ। ক্রিসমাস মার্কেট খোলার সাথে সাথে সেখানে ভিড় করতে শুরু করেছেন বাসিন্দারা। নতুন করে সাজতে শুরু করেছে গোটা শহর।
আরও পড়ুন:
এদিকে মহা সমারোহে প্রতিবারের মতো এবারও হোয়াইট হাউস এসেছে ক্রিসমাস ট্রি। আর এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সুসজ্জিত একটি ঘোড়ার গাড়িতে করে গাছটি হোয়াইট হাউসে আনা হয়। এসময় তিনি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নিউ ইয়র্কের আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি তাদের বার্ষিক ওরিগামি হলিডে ট্রি উন্মোচন করেছে। কাগজ দিয়ে বানানো শত শত ওরিগামি দিয়ে সাজানো এই বিশাল ক্রিসমাস ট্রি নজর কাড়ে নিউ ইয়র্কবাসীর।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘এমন জিনিস তো আর সহজে চোখে পড়ে না। এটা আপনার ভেতরের শিশুসত্ত্বাকে জাগিয়ে তোলে।’
উৎসবের মৌসুমের আগেই পূণ্যভূমি ভ্যাটিকানে পৌঁছে গেছে ক্রিসমাস ট্রি। সেন্ট পিটার্স স্কয়ারে এরইমধ্যে স্থাপন করা হয়েছে বিশাল ক্রিসমাস ট্রি। আগামী ৭ ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভ্যাটিকানের ক্রিসমাস মৌসুমের উদ্বোধন করা হবে।





