চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে করা মামলা পিবিআইকে হস্তান্তরের নির্দেশ

আলিফ হত্যার আসামি চিন্ময় কৃষ্ণ
আইন ও আদালত
0

চট্টগ্রামে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের একটি মামলার তদন্ত ডিবি থেকে পিবিআইকে হস্তান্তরের নির্দেশ আদালতের। আজ (বুধবার, ১৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। মামলাটি করেছিলেন নিহত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ভাই।

এর আগে মামলার তদন্তভার ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামালের ওপর ন্যস্ত ছিলো। আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা ও আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত করছিল ডিবি পুলিশ।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া এবং তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন মামলার বাদী।

আলিফ হত্যা মামলার আইনজীবী ও চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, মামলার সংবাদদাতার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য ছিলো। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং অধিকতর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পিবিআইকে তদন্তভার গ্রহণের নির্দেশ দেন।

আরও পড়ুন:

শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার ও বিদায়ী তদন্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল। এজাহারভুক্ত শতাধিক কিংবা অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ আসামির কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি তদন্ত সংস্থা। এছাড়া মামলার তদন্তেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় অনাস্থা থেকে আদালত তদন্ত সংস্থা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকৃত চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ আদেশকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নজিরবিহীন উত্তেজনা, ভাঙচুর ও সহিংসতার সৃষ্টি হয়। বিকেলের দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়।

এফএস