ধর্ষণের পর নারীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড়
এখন জনপদে
আইন ও আদালত
0

পঞ্চগড়ে ধর্ষণের পর নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রিফাত বিন সাজ্জাদ (২৬) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন মোহাম্মদ ফজলুল বারী এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ জেলার বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আক্তার হোসেনের ছেলে।

২০২৫ সালের ১৪ জানুয়ারি ভোরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনের অদূরেই এক অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীকে হত্যার পর রেললাইনে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ হয় পুলিশ।

এ ঘটনায় অপমৃত্যু মামলা হলেও কোনোমতেই ঘটনার রহস্য উন্মোচন করতে পারছিলো না পুলিশ। ঠাকুরগাঁয়ের একটি পরিবার তাদের মেয়ে মনে করে তার দাফন সম্পন্ন করে।

এদিকে ঘটনার প্রায় দুই মাস পরে ৮ মার্চ রাতে কিসমত এলাকাতেই ইজিবাইক চুরির সময় ইজিবাইকসহ রিফাত বিন সাজ্জাদ নামের এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে তুলে দেয়। পুলিশ তার মোবাইলে ওই অজ্ঞাত নারীর ভিডিও দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে ওই নারীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়।

আরও পড়ুন:

ওই যুবক পুলিশকে জানায়—১৩ জানুয়ারি রাতে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেসে পঞ্চগড়ে ফেরার সময় ট্রেনে ওই অজ্ঞাত নারীর সঙ্গে তার পরিচয় হয়। এসময় ওই নারীকে ফুসলিয়ে কিসমত রেলস্টেশনে নামিয়ে নেয় সাজ্জাদ।

পরে তাকে শাপলা কিন্ডারগার্টেনের ভাঙা ঘরে নিয়ে ও একটি সুপারি বাগানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এসময় ওই নারী সাজ্জাদের মোবাইল ও টাকা দাবি করলে সাজ্জাদ দিতে অস্বীকার করে। এক পর্যায়ে ওই নারী তাকে গালাগালি করলে ওই যুবক গাছের সঙ্গে তাকে বেধে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করে।

পরে একটি চাকু সংগ্রহ করে তার যৌনাঙ্গ ও স্তন কেটে রক্তাক্ত করে। এরপর ঘটনা আড়াল করতে টেনে মরদেহ রেললাইনের ওপর ফেলে পালিয়ে যায় সে। এরপর তার বিরুদ্ধে আটোয়ারী থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন।

পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খলিলুর রহমান বলেন, ‘মামলার তথ্য, প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন। এই রায় ন্যায় বিচারের একটি উদাহরণ হবে থাকবে।’

এসএস