দ্বিতীয় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি; প্রভাব পড়ছে কাঁচাবাজারে

সবজির বাজার
বাজার
0

জ্বালানি তেলের দ্বিতীয় দফায় বড় অঙ্কের দাম বাড়ার পর প্রথম শুক্রবারেই এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সবজির পাশাপাশি মাছের দামও বেড়েছে। তবে মাংস ও অধিকাংশ মুরগির দামে বড় পরিবর্তন না থাকলেও, বাড়তি দামে চাপে পড়েছেন ক্রেতারা। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায় এ চিত্র।

গত সপ্তাহের তুলনায় খুচরা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। বিক্রেতাদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। তবে পাইকারি বাজারে ছিল ভিন্ন চিত্র। মাসের শেষ দিকে চাহিদা কম থাকায় আগের সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজি কেজিতে প্রায় ৫ থেকে ১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে বলে জানান পাইকারি বিক্রেতারা।এদিকে, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় মাছ পরিবহনেও বাড়তি ব্যয় হচ্ছে। বিক্রেতাদের হিসাবে, প্রতি ট্রাকে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হচ্ছে। এর প্রভাবে মাছের দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ইলিশ বিক্রি হচ্ছে আগের দামেই।

অন্যদিকে, গত সপ্তাহের মতোই চলতি সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে যথাক্রমে কেজি প্রতি ১৮০ ও ৩২০ টাকার মধ্যে। তবে লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। ডিমও আগের দামে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি। আগের দামেই গরুর মাংস ৮০০ এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইএ