জ্বালানি সংকটে কাঁচাবাজারে আগুন; চাপে মধ্যবিত্ত-নিম্নআয়ের মানুষ

রাজধানীর কাঁচাবাজার
কাঁচাবাজার
বাজার
0

জ্বালানি তেলের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ চেইনের ঘাটতিতে সবজি, মাছসহ নিত্যপণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ, আর বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগও তুলছেন ভোক্তারা।

জ্বালানি তেলের সংকটের প্রভাব প্রতিদিনই স্পষ্ট হয়ে উঠছে রাজধানীর কাঁচাবাজারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়া ও সরবরাহ চেইনে ঘাটতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে।

আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, হাতে গোনা কয়েকটি পণ্য ছাড়া অধিকাংশ সবজির দামই কেজিতে ৮০ টাকার ওপরে।

পটল, করলা, কাঁকরোল, টমেটো, শিম ও বেগুনসহ নানা সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। তবে কিছুটা কমেছে কাঁচামরিচের দাম, যা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকায়।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘একটাই কথা, তেলে দাম বেশি হওয়ায় তেল পাওয়া যায় না। গাড়ি আসবে কীভাবে?’

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘পেঁপে কিনছিলাম ৪০ টাকা কেজি। আজ দেখছি ৮০ টাকা কেজি। মানে লাফিয়ে লাফিয়ে সবকিছু দাম বাড়ছে।’

আরও পড়ুন:

অন্য একজন বলেন, ‘রাষ্ট্রের বড় বড় দায়িত্বে যারা অধিষ্ট হয়েছে তারা জানেই না, কীভাবে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। কীভাবে ব্যবসায়ীদের সঙ্গে ইন্টারেকশন করতে হবে।’

বাজারে ভোজ্যতেলের সরবরাহ সংকট থাকলেও দাম আপাতত স্থিতিশীল। পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে প্রায় ৯৫০ টাকা। তবে এর সঙ্গে বাধ্যতামূলকভাবে এক লিটার সরিষার তেল কিনতে হচ্ছে, যা বড় কোম্পানিগুলোর প্রতারণা বলে মনে করছেন বিক্রেতারাই।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘পাঁচ কাটুন সয়াবিন তেল নিলে এক কাটুন সরিষার তেল দেয়। কিন্তু তেলের অভাব নেই। ইচ্ছা করে মানুষকে জোর করে তারা ব্যবসা করে।’

আরও পড়ুন:

জ্বালানি সংকটে জেলেরা নদীতে যেতে না পারায় তৈরি হয়েছে মাছের সংকট। এছাড়া পরিবহন খরচও বেড়ে যাওয়ায় নদীর মাছের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘ভারতীয় মাছ আর চাষের মাছের মধ্যে কেজিতে ২০০ থেকে ৩০০ টাকার ব্যবধান।’

এদিকে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সোনালি মুরগির দাম কমে কেজিতে ৩৮০ থেকে ৪০০ টাকায় নেমেছে, যা এক সপ্তাহ আগে ৪০০ টাকার বেশি ছিল। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। তবে ডিমের দাম ১৫ টাকা বেড়ে ডজন প্রতি দাঁড়িয়েছে ১২৫ টাকা।

এসএস