ঈদযাত্রায় ১৫ দিনে ২৯৮ প্রাণহানি; প্রতিদিন গড়ে নিহত ২০

প্রতিকী ছবি
দেশে এখন
0

ঈদুল ফিতরকে ঘিরে দেশের সড়কে দুর্ঘটনার চিত্র আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ১৫ দিনে (১৪ থেকে ২৮ মার্চ) সারা দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯৮ জন। সে হিসেবে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন প্রায় ২০ জন।

আজ (বৃহম্পতিবার, ২ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু।

প্রতিবেদনে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণ কেড়েছে। ১৪৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৬ জন; যা মোট মৃত্যুর প্রায় ৩৯ শতাংশ। এছাড়া ৪৭ জন পথচারী এবং ৩৬ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।

যানবাহনভিত্তিক হিসেবে মোটরসাইকেলের পরেই রয়েছে বাস, থ্রি-হুইলার ও প্রাইভেট কার। বাসে নিহত হয়েছেন ৪১, থ্রি-হুইলারে ৫০ এবং প্রাইভেট কার বা মাইক্রো বাসে ২০ জন।

সড়কের ধরন অনুযায়ী দুর্ঘটনার সবচেয়ে বেশি ঘটেছে আঞ্চলিক সড়কে, ১৬১টি। জাতীয় মহাসড়কে ১১৫টি, গ্রামীণ সড়কে ৪৮টি এবং শহরের সড়কে ৪২টি দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ১৫২টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে। এছাড়া ৯৬টি মুখোমুখি সংঘর্ষ, ৪৯টি পথচারীকে চাপা দেওয়া এবং ৬৮টি পেছন থেকে ধাক্কার ঘটনা রয়েছে।

এছাড়া একই সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় ৯ নিহত, ২৩ আহত এবং ২ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, ২৯টি রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১ জনের, আহত হয়েছেন ২০৯ জন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

এফএস