সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

নিহত আব্দুল্লাহ আল মামুন
দেশে এখন
0

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী।

আজ (সোমবার, ৬ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নিহত মামুনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এসময় মন্ত্রী জানান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিহত বাংলাদেশিদের ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা হবে।

পরিবারের সচ্ছলতা ফেরাতে মামুন ১৫ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। শেষবার দেশে ফেরেন ৫ বছর আগে। গত মার্চ মাসে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি আহত হন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ তিনি মারা যান।

মরদেহ হস্তান্তরের সময় মন্ত্রী নিহত কর্মীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাসও দেন তিনি।



এএইচ