দেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দেশে এখন
0

বাংলাদেশের বর্তমান সরকারকে স্বাগত জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানিয়েছেন, সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা ও টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের যোগাযোগ খাতকে আরেও এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজ (রোববার, ১২ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাক্ষাৎকারে এ কথা জানানো হয়।

এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন:

সাক্ষাৎকালে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এ সময় তিনি এ খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।

এফএস