‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলের সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল
টাঙ্গাইলের সমাবেশস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
1

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধনসহ নানান কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটের দিকে তিনি জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণমঞ্চে পৌঁছান।

প্রধানমন্ত্রী প্রথমেই কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে তিনি কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দুপুর পর তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আরও পড়ুন:

এদিকে ঐতিহাসিক এ কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন সমাবেশস্থলে প্রিয় নেতাকে দেখার জন্য।

সর্বপ্রথম টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষককে কৃষি কার্ড দেয়া হবে। তালিকাভুক্ত এ কৃষকদের মধ্যে কিছু সংখ্যক কৃষকের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্ড তুলে দেবেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয়া হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৩১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছিলেন।

এসএইচ