এক খাল খননে জলবদ্ধতা থেকে মুক্তি পাবে ১৭ গ্রামের মানুষ: প্রতিমন্ত্রী অমিত

খাল খনন কর্মসূচির উদ্বোধনে প্রতিমন্ত্রী অমিত
দেশে এখন
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, হৈবতপুর ইউনিয়নয়ের খালটি খনন হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে ১৭ গ্রামের মানুষ। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

সারা দেশে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার, ২ মে) যশোরের সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি গ্রামবাসীকে স্বেচ্ছাশ্রমে খাল খননে অংশ নেয়ারও আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনি অঙ্গীকার ছিলো খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেন। তার ধারাবাহিকতায় হৈবতপুর ইউনিয়নের এ প্রকল্পের কাজ শুরু হলো।’

আরও পড়ুন:

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এ খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। তিন কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা।

এসএইচ