প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মসূচিস্থলে সালাহউদ্দিন আহমদ
এখন জনপদে
দেশে এখন
0

আজ (শনিবার, ১৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জেলাজুড়ে। সফরের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি তদারকিতে বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পর্যটন নগরী কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যস্ত দলীয় নেতা কর্মীরা। ব্যস্ততা আছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীরও।

সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে গতকাল (শুক্রবার, ১২ জুন) কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা যেন সারা দেশে আমাদের নির্বাচনি ইশতেহার অনুসারে আমাদের সব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি। প্রধানমন্ত্রী সে ব্যাপারে সবার উদ্দেশে কথা বলবেন। সবার সহযোগিতা চাইবেন।’

প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি।

আরও পড়ুন:

এছাড়া পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেবেন চকরিয়ার জনসভায়।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমাদের এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার বিষয়ে যদি তিনি কোনো পদক্ষেপ নেয়।’

অন্য একজন বলেন, ‘এই বাজেটের মধ্যে যদি তিনি আমাদের কক্সবাজারে ছয় লেনের বিশ্বরোড করে দেয় তাহলে ভালো হয়।’

এদিকে সফরকে কেন্দ্র করে প্রতিটি অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।

গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে ট্রাফিক বিভাগও।

অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলেন, ‘শুধু পুলিশ নয়, আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সঙ্গে অন্যান্য স্টেকহোল্ডার যারা আছে সবাই আমরা প্রচেষ্টায় আছি যেন এই সফরটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়।’

সবমিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্রই উৎসবের আমেজ।

এসএস