সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন

শেখ হাসিনার উদ্দেশে চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
দেশে এখন
0

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।’

আজ (সোমবার, ২৯ জুন) ট্রাইব্যুনালে প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মো. আমিনুল ইসলাম বলেন, ‘দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি। সত্যিই যদি সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।’

ট্রাইব্যুনালের তদন্তাধীন মামলা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এসব মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদারসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে।’

প্রসঙ্গত, গত ২৮ জুন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ বছরই দেশে ফেরার কথা জানান।

জেআর