জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী ইশরাক
দেশে এখন
0

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শাহবাগে স্মৃতিস্তম্ভে শহিদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা। শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা বলেন, জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা। প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ করছে জাতি। দ্বিতীয় বার্ষিকীতে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আজ ভোর ৬টা ১ মিনিটে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শ্রদ্ধা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ পুনর্নির্মাণের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘এই গণঅভ্যুত্থানকে জাগ্রত রাখার জন্যে, সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্যে, সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে।’

জুলাই গণঅভ্যুত্থান চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, ‘এ জুলাই গণঅভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি। ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি—গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি, যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব।’

এসময়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের গণহত্যার বিচার সরকার নিশ্চিত করবে। সাম্প্রতিক ক্যাম্পাসগুলোতে অস্থিরতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের সাথে পরাজিত শক্তির যোগসাজশ থাকতে পারে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগসূত্র হয়েছে কি না আমরা অবশ্যই সেটিতে মোকাবিলা করে বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব।’

শেখ হাসিনার বক্তব্য দেয়ার চেষ্টা দেশকে অস্থিতিশীল করার দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।

এফএস