বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ইউনিটটি চালুর জন্য প্রয়োজনীয় মেরামতকাজ চলছে। আগামীকালের (শনিবার, ১৫ আগস্ট) মধ্যে মেরামত শেষ করে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চালু হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।’
বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, ১ নম্বর ইউনিটটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট। তবে বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে এই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ কমেছে।
আরও পড়ুন:
এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে কেন্দ্রটির ২ নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে উৎপাদনের বাইরে রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।
ফলে ৫২৫ মেগাওয়াট স্থাপিত ক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্তমানে শুধু ৩ নম্বর ইউনিট থেকেই নিয়মিত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ১ নম্বর ইউনিটটি দ্রুত মেরামত করে উৎপাদনে ফেরানো গেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





