উন্নয়ন বাধাগ্রস্তকারীদের মানুষ ক্ষমা করবে না: আমীর খসরু

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘রাজনীতির নামে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে এবং সরকারি কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘দেশ যখনই সংকটে পড়েছে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা থেকে উত্তরণের চেষ্টা করেছে। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে বলেই দলটি বারবার সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে।’

বর্তমান সরকারের বাজেট বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকারের ঘোষিত বাজেট পুরোপুরি বাস্তবায়ন করা হবে।’

সমাবেশে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য এবং মহানগর বিএনপির নেতারা বক্তব্য দেন।

পরে পুরাতন রেলস্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন, দলীয় ও জাতীয় পতাকা নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে এতে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি চত্বরে গিয়ে শেষ হয়।

জেআর