রাজধানীতে পৃথক স্থানে নারীসহ ৫ জনের মৃত্যু, কারও পরিচয় মেলেনি

মরদেহের প্রতীকী ছবি
দেশে এখন
0

রাজধানীর পৃথক স্থানে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের কারও পরিচয় এখনো শনাক্ত হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া ইউটার্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

তিনি বলেন, ‘ওই ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থ অবস্থায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এদিকে, সকালে মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে (৫০) উদ্ধার করা হয়। এক পথচারী ওষুধ কোম্পানির প্রতিনিধি তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

অন্যদিকে, শাহবাগ থানাধীন এলাকায় সকালে অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীকে (৩০) উদ্ধার করেন হাসপাতালের কয়েকজন স্টাফ। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।

এছাড়া কামরাঙ্গীরচর থানাধীন জাউয়াহাটি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার এসআই প্রাণেশ্বর দাস জানান, সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, ওই ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করতেন। স্থানীয়রা তাকে চিনলেও তার পরিচয় জানতেন না। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে, শাহবাগ থানাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। পরে বিকেলে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়।

পাঁচজনের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট থানা পুলিশ কাজ করছে।

এসএইচ