হাটহাজারীতে অনুশীলনে নিহত সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
দেশে এখন
0

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনকালে সংঘটিত দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তাদের সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তারা দেশের জন্য নিহত হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

আরও পড়ুন:

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। সরকার ও সেনাবাহিনী সবসময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার পাশাপাশি নিহত সেনাসদস্যদের পরিবারের দেখভালও সরকার তার দায়িত্ব পালন করবে।’

এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস