রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে মালয়েশিয়া। এর অংশ হিসেবে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই সপ্তাহ আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিসভাকে এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন তিনি।
মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বাণিজ্য বজায় রাখতে মালয়েশিয়া প্রস্তুত। তবে দেশটিকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার দায়িত্বও পালনের তাগিদ দেন আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা বন্ধু হতে পারি, আমরা বাণিজ্য করতে পারি, আমরা মিয়ানমারকে গ্রহণ করতে পারি। কিন্তু মিয়ানমারকেও তাদের নাগরিকদের গ্রহণ করতে হবে।’
আরও পড়ুন
মালয়েশিয়ায় থাকা প্রায় দুই লাখ মিয়ানমারের নাগরিককে একসঙ্গে ফিরিয়ে নেয়া সম্ভব না হলে, ধাপে ধাপে প্রত্যাবাসন নিশ্চিতের প্রস্তাবও দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘তারা যদি একবারে দুই লাখ মানুষকে নিতে না পারে, তাহলে ধাপে ধাপে তাদের ফিরিয়ে নিক। আমরা এ বিষয়ে সহায়তা করব।’
প্রাথমিকভাবে পাঁচ হাজার মিয়ানমারের নাগরিককে গ্রহণে দেশটি সম্মতি দিয়েছে বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তবে প্রত্যাবাসনের আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি।




