আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগ থানার সামনে ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে অবস্থান নেন তারা। এর আগে সকাল থেকে চাকরিপ্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
কর্মসূচিতে অংশ নেয়া চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থী তানভীর রহমান বাপ্পারাজ বলেন, ‘সরকার আমাদের বাদ দেয়ার যে কারণগুলো জানিয়েছেন, সেই কারণ দেখিয়ে আমাদের বাদ দেয়ার অধিকার কি সরকার রাখেন? আমরা এক সরকারের আমলে পরীক্ষা দিয়েছি। আরেক সরকারের আমলে নিয়োগ হচ্ছে বলে কি রাজনৈতিক রেষারেষির কারণে আমাদের বাদ দেয়া হবে?’
তিনি বলেন, ‘আমরা যারা এখানে এসেছি, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মারামারি করতে আসিনি, কোনো বিশৃঙ্খলা করতেও আসিনি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি। নিয়োগপত্র না নিয়ে আমরা ঢাকা ছাড়বো না।’
অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে সংহতি জানান সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের ও আন্তর্জাতিক বিষয় সম্পাদক খান জসীম।
এ বি জুবায়ের বলেন, ‘এখানে যারা আছেন, তারা সবাই পড়াশোনা করেছেন। তারা কেউ কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত নন, দেশবিরোধী কোনো কার্যকলাপেও যুক্ত নন কিংবা কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। এরপরও ভেরিফিকেশনের নামে তাদের বঞ্চিত করা হচ্ছে। এটা সুস্পষ্ট জুলুম ও অন্যায়।’
তিনি আরও বলেন, ‘এখানে কেউ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসেননি। প্রত্যেকেই ব্যক্তিগতভাবে জুলুমের শিকার হয়েছেন এবং নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তাদের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের কথা, রাস্তায় নেমে আন্দোলন করার কথা নয়। তাই সরকারের প্রতি আহ্বান, যাদের সঙ্গে অন্যায় হচ্ছে, দ্রুত সেই অন্যায়ের প্রতিকার করুন।’
প্রতিনিধিদলের সদস্য আমানুর বলেন, ‘সচিবালয় থেকে আমাদের ডাকা হয়েছে। আমরা পাঁচজনের একটা টিম সচিবালয়ে এসেছি। কথা বলার জন্য অপেক্ষা করছি।’





