সিরাজগঞ্জে যমুনা নদী তীরে দেশের সবচেয়ে বড় বিসিক শিল্পপার্ক। ৪০০ একরের এই পার্কের ৮২৯টি প্লটে গড়ে ওঠার কথা ৫৭০টি শিল্প প্রতিষ্ঠান। ইতোমধ্যে ২৭২টি প্লট হস্তান্তর করা হলেও, উৎপাদনে গেছে কেবল একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, আর কারখানা স্থাপন চলছে মোটে ১৫টিতে।
উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণের এই মেগা প্রকল্পে বড় বাধা প্লটের বালি ভরাট সম্পন্ন না হওয়া। উদ্যোক্তাদের অভিযোগ, নিজ উদ্যোগে বালি ভরাট করতে হচ্ছে তাদের। তার ওপর আবেদন করেও মিলছে না গ্যাস সংযোগ। যদিও বিদ্যুতের সাব-স্টেশন ও সংযোগের কাজ প্রায় শেষের পথে।
এমন বাস্তবতায় সম্প্রতি শিল্পপার্ক পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিসিক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘আজ আমি এসেছি সরেজমিনে দেখার জন্য। কতগুলো সমস্যা আছে, সেগুলোর আমরা দ্রুত সমাধান করবো। আমরা আশা করছি, আগামী দুই-এক বছরের মধ্যেই এটা পূর্ণাঙ্গ রূপ পাবে। ডিসেম্বরের মধ্যে ৪টি সাবস্টেশন হবে এবং গ্যাসের কিছু কাজ বাকি আছে, সেগুলোও করবে।’
আরও পড়ুন:
মুখ্য সচিবের এমন আশ্বাসে দ্রুত কারখানা চালুর ব্যাপারে আশাবাদী ব্যবসায়ীরা। আর বিসিক কর্মকর্তা বলছেন, গ্যাস, বিদ্যুৎ ও বালি ভরাটের কাজ দ্রুত এগিয়ে চলছে।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্লট মালিক ও পরিচালক হাজি আব্দুস সাত্তার বলেন, ‘এরকম যদি আমরা সহযোগিতা পাই, তাহলে আমরা যারা ফ্যাক্টরি করবো, তারা সার্বিক সহযোগিতা পাওয়ার পর আশ্বস্ত হচ্ছেন।’
সিরাজগঞ্জ বিসিকের সহকারি মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম বলেন, ‘আমরা উদ্যোক্তাদের আহ্বান করেছি। আমরা লিখিতভাবেও তাদের কাছে প্রস্তাব দিয়েছি যে, খুব দ্রুত যেন তারা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরু করেন। যেহেতু এই উত্তরবঙ্গের কর্মসংস্থান সৃষ্টিতে এটা একটা বড় ভূমিকা পালন করবে।’
৭১৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কটি পুরোদমে চালু হলে কর্মসংস্থান হবে প্রায় এক লাখ মানুষের, যা বদলে দেবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র— এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।





