১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা হাসিনার—মুখপাত্রের বরাতে রয়টার্স; সরকারের অবস্থান প্রত্যর্পণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশে এখন
0

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বিজয় দিবসে দেশে ফেরার এ পরিকল্পনার কথা তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে বাংলাদেশ সরকারের অবস্থান, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারত থেকে প্রত্যর্পণ করতে হবে।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) সকালে বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী হিসেবে দেশে ফিরতে পারবেন না। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে ফিরিয়ে আনা হতে পারে।’

এদিকে রয়টার্সকে সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেয়া হয়েছিল।’ এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন তিনি।

মুখপাত্র রয়টার্সকে আরও বলেন, ‘সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য কারও বরাতে নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন। তার এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।

দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স। ওই আবেদনের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর আবার চিঠি দেন আইনজীবী স্টিভেন পাওলস। এর পাঁচ দিন পর বিজয় দিবসে উড়োজাহাজে করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানান তার মুখপাত্র।

তবে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা শেখ হাসিনা আগেও জানিয়েছিলেন। রয়টার্সকে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান।

বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন অথবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। অনেকে আবার কারাগারে আছেন।

এর আগে, রোববার রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে ভারতকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকেন্দ্রিক সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

এদিকে, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। জুলাই গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে এ রায় দেয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এনএইচ