ভোরের আলো ফোটার আগেই পূর্বাচলের ৩০০ ফিট সড়ক মুখরিত হয়ে ওঠে হাজারো দৌড়বিদের পদচারণায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই হাফ ম্যারাথনের মূল লক্ষ্য— পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার বার্তা ছড়িয়ে দেয়া।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা—আইসিসিবি গেট থেকে ভোর সাড়ে ৪ টায় শুরু হয় মূল ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন। এরপর পর্যায়ক্রমে শুরু হয় ১০ কিলোমিটার দৌড় এবং শিশুদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের ফান রান। এ আয়োজনে অংশ নেয় প্রায় ৫ হাজার সব বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা। ডিএনসিসির এমন আয়োজনে উচ্ছাসিত তারা।
এর আগে এই হাফ ম্যারাথনের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। এসময় সুন্দর ও বাসযোগ্য নগরী তৈরিতে সহায়তা চান সবার।
পুরো রুটজুড়ে দৌড়বিদদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত হাইড্রেশন স্টেশন ও মেডিকেল সাপোর্ট। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা। পরে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।





