পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে

পঞ্চগড়
কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়ের একটি এলাকা
দেশে এখন
0

উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিন ভোরেই দেখা যাচ্ছে হালকা কুয়াশা, রাতে বইছে ঠান্ডা বাতাস। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলায় রোদের দেখা মিললেও সকাল ও সন্ধ্যার পর থেকে শীতের অনুভূতি বেশি থাকছে।

আজ (শনিবার, ২৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতার পরিমাণ ছিলো ৯৯ শতাংশ।

এর আগে, গত ২৪ নভেম্বর সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন ২৫ নভেম্বর তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শুক্রবার ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

আজ তা আরও কমে ১৩ ডিগ্রিতে নেমে এসেছে। অর্থাৎ টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে শীতের তীব্রতা কিছুটা কম থাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যানুযায়ী, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এসএইচ