অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থায় বিদ্যুৎ-জ্বালানি খাতকে ধ্বংস করেছে: তিতুমীর

রাশেদ আল মাহমুদ তিতুমীর
দেশে এখন
0

অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থার মধ্য দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আজ (শনিবার, ২৮ নভেম্বর) সকালে তিন দিনব্যাপী বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, দক্ষ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

এসময় নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠনের পরিকল্পনাসহ জ্বালানি খাতকে শক্তিশালী ও টেকসই করার ওপর জোর দেন তিনি।

এছাড়া মাতারবাড়িকে এনার্জি হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এসএইচ