খেলার মাঠে মেলা বা বাণিজ্যিক কার্যক্রম করা যাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
এখন মাঠে
দেশে এখন
0

খেলার মাঠ ব্যবহার করে মেলা বা অন্য কোনো বাণিজ্যিক কার্যক্রম করা যাবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল (শুক্রবার, ২৭ নভেম্বর) সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ দিন বাণিজ্য, প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও হাজারো মানুষের উপস্থিতিতে সিলেট জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে দেশের উপজেলাগুলোতে মানসম্মত গ্যালারি, প্যাভিলিয়ন ও ড্রেসিং রুমসহ ৫ শতাধিক আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, ‘আমাদের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ আমরা তৈরি করতে চাই। সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সব জেলা প্রশাসক ও ইউএনওরা কাজ করছেন। আমাদের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য প্রত্যেকেই নিজ নিজ ইউনিয়নের তথ্য আমাদের কাছে পাঠাতে শুরু করেছেন।’

পর্যায়ক্রমে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে নির্দিষ্ট খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এসময় মাঠ বাণিজ্যিক কাজে ব্যবহারের বিষয়ে তার কঠোর অবস্থানও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, ১ হাজার মাঠের তথ্য পাওয়ার পর আমরা যাতে সেগুলোতে স্থানীয়ভাবে খেলা শুরু করি।’

এর আগে, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এসএইচ