৩০টি আসনের ভোট পুনঃগণনা দাবি জামায়াতের

এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) বিকেলে একটি সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ দাবির কথা জানান।

তিনি বলেন, ‘আপাতত ৩০টি আসনের অভিযোগ পেয়েছি। আরও কিছু আসনে পোলিং সেন্টার থেকে তথ্য নেয়া হচ্ছে।’

‘ইচ্ছাকৃতভাবে’ ফল বদলে দেয়া, সন্ত্রাস, ম্যানিপুলেশন, জামায়াত প্রার্থীদের ‘রহস্যজনক’ কারণে ফেল করিয়ে দেয়া, সর্বোপরি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘প্রশাসনের একদল এবং নির্বাচন কমিশনের একদল লোক এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে।’

আরও পড়ুন:

জামায়াত জানিয়েছে, ভোট পুনঃগণনা হলে অনেক আসনের ফল পাল্টে যাবে। এর মধ্যে ঢাকা-৮, ঢাকা-১৭, ঢাকা-১৩, ঢাকা-৬ আসনও রয়েছে।

ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে বিজয়ী করা হয়েছে এবং ফলাফল জালিয়াতি করা হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।

প্রসঙ্গত, এই নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি আসন পেয়েছে এবং জোটগতভাবে পেয়েছে ৭৭টি আসন। তারা সংসদের বিরোধী দল হতে যাচ্ছে।

এসএস