সামসুল আলম থাকলে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না: গোলাম পরওয়ারের দাবি

জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার
দেশে এখন
রাজনীতি
1

নির্বাচন কমিশনে (ইসি) চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিব সামসুল আলমের বিষয়ে আবারও আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সংসদ নির্বাচনে সামসুল আলম বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য থাকায় আসন্ন স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবে না। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমনটা জানান।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সকালে ইসি সচিবালয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সিইসির কাছে ৯ দফা প্রস্তাবনা তুলে ধরে জামায়াতে ইসলামী।

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ-পদবিধারী কেউ যেন এ নির্বাচন অংশ নিতে না পারে, সেটাও জানানো হয়।

ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, দেশের বিভিন্ন উপজেলা পরিষদ, সিটি করপোরেশনসহ বিভিন্ন জায়গায় নিয়োগ পাওয়া প্রশাসকদের ভোটে অযোগ্য ঘোষণার প্রস্তাবনা দেয়া হয়েছে।

এক্ষেত্রে ভোটের আগে প্রশাসকরা পদত্যাগ করলেও তাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখতে ইসিকে আহবান জানানো হয়েছে।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘ইসির কার্যবিধিতে দলীয় সরকারের চাপ স্পষ্ট। জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচন বর্জন করবে কি না, সেটা বলার মতো এখনো সময় আসেনি।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচনে ১১ দলীয় জোটে থাকা যে কেউ নিজেদের মতো করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।’

জেআর