হরিরামপুরে ক্লাসরুমে ফ্যান ভেঙে আহত প্রাথমিকের ২ শিক্ষার্থী

মানিকগঞ্জ
ভেঙে পড়া ফ্যান
এখন জনপদে
0

মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা (ফ্যান) ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ (সোমবার, ৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো— বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজা ও অর্ক। আমির হামজা দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। ফ্যানের পাখার আঘাতে তার নাক ও চোখে আঘাত লাগে। অন্যদিকে অর্ক সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা জানান, শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় হঠাৎ ওপর থেকে ফ্যানটি খুলে পড়ে। এসময় ফ্যানের ঘূর্ণায়মান পাখার আঘাতে দুই শিক্ষার্থী আহত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কাজল বলেন, ‘বিদ্যালয়ের টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। আগে কোনো রকমে মেরামত করা হলেও তাতে তেমন কাজ হয়নি। ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুরনো ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।’

আরও পড়ুন:

প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। প্রায় এক মাস আগে ভবনটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে ভবিষ্যতে আবারও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আজকের ঘটনা উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও মৌখিকভাবে জানানো হয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘এর আগে দুই দফায় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ এলেও জমিসংক্রান্ত জটিলতায় সেই টাকা ফেরত চলে গেছে। বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ওই জায়গাটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ। আশ্রয়কেন্দ্রের তিনটি কক্ষ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহারের কথা থাকলেও মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো ব্যবহার করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা করে ওই ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হবে।’

এসএস