শুধু অস্ট্রেলিয়ান না দেশের কোচরাও ভালো ক্রিকেট শেখাতে পারেন: সুজন

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন
এখন মাঠে
0

এশিয়ান গেমসের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিনে যোগ দিয়েছেন লিটন দাস, নাজমুল শান্ত, মুস্তাফিজসহ স্কোয়াডে ডাক পাওয়া ৮ ক্রিকেটার। 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজ খেলা ক্রিকেটাররা যোগ দেবেন মঙ্গলবার থেকে। এদিকে, দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা নাজমুল শান্তকে নিয়ে বেশ আশাবাদী সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

এশিয়ান গেমসে স্বর্ণপদকের খোঁজে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পূর্ণশক্তির দল ঘোষণার পর এবার মিরপুরে অনুশীলনে নেমেছেন ক্রিকেটাররা।

১০ দিনের ক্যাম্পের প্রথম দুই দিন পাওয়া যাবে না পুরো দলকে। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে খেলতে যাওয়া তাওহীদ হৃদয়-সাইফ হাসানরা যোগ দেবেন মঙ্গলবার থেকে।

আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর দিনে যোগ দিয়েছেন লিটন দাস, নাজমুল শান্ত, তানজিদ তামিমরা। ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজও যোগ দিয়েছেন দলের সঙ্গে। এশিয়ান গেমসে দলের সঙ্গে সফর না করলেও, মিরপুরে অনুশীলনে শিষ্যদের পর্যবেক্ষণ করতে হাজির হয়েছিলেন হেড কোচ ফিল সিমন্স। প্রথম দিনে স্ট্রেচিংয়ের পাশাপাশি হালকা ব্যাটিং-বোলিং অনুশীলন সারেন ক্রিকেটাররা।

এশিয়ান গেমসে বাংলাদেশ দল নিয়ে আত্মবিশ্বাসী সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে, এই মঞ্চে তুরুপের তাস হতে পারেন অভিজ্ঞ নাজমুল শান্ত।

তিনি বলেন, ‘শান্ত এখন এক্সপেরিয়েন্সড আমি মনে করি। আর এ ফরম্যাটে আমি মনে করি ওর বড় ৬ মারার বা দ্রুত রান করার সক্ষমতা আছে। আর ফিটনেসের দিক থেকে আমার মনে হয় শান্ত এখ ওয়ান অব দ্য বেস্ট। অ্যাজ এ লিডার টেস্ট জিতেছে। যদিও এটা অন্য ফরম্যাট।’

বাংলাদেশের ক্রিকেটে এখন দেশি কোচদের জয়জয়কার। বিদেশি নির্ভরতা কমিয়ে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল-তালহা জুবায়েররা। সুজন মনে করেন, জাতীয় দলের সহকারী কোচের পদও সামাল দেয়ার যোগ্যতা আছে দেশি কোচদের।

তিনি বলেন, ‘আমাদের দেশি কোচরা তো অনেকদিন ধরে কাজ করছে। অনেকে অনেক আগে লেভেল থ্রি কমপ্লিট করেছে। এ অপরচুনিটিটা অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল। আমি ভেরি হ্যাপি যে বাংলাদেশ টিমে এখন আশরাফুল, তালহা, সালাহউদ্দিন, সোহেল, বাবুল ভাই অনেককে দেখতে পাচ্ছি।’

২৯ সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার ফাইনালের মাধ্যমে এশিয়ান গেমসে যাত্রা শুরু হবে বাংলাদেশের। টুর্নামেন্টে অংশ নিতে ২৫ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে লিটন দাসদের।

এএইচ