জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ আছে ওয়াশিংটনের: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

রিয়াদের হুথিদের হামলার পর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদা বন্দর ও উত্তর ইয়েমেনের দুই শহরে পাল্টা বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। ফের হামলা হয়েছে হোদেইদায় বিমানবন্দরেও। এদিকে, হোদেইদায় হামলা অব্যাহত থাকলে লোহিত সাগরের আশেপাশের সৌদি বন্দরগুলোকে পাল্টা টার্গেটের হুঁশিয়ারি দিয়েছেন হুথিদের মুখপাত্র। অন্যদিকে, জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ পরিচালনার তহবিল ওয়াশিংটনের কাছে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইরানের সঙ্গে ব্যবসায়িক তথ্য গোপনের অভিযোগে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়েকে দোষী সাব্যস্ত করেছেন নিউইয়র্কের আদালত।

এক সপ্তাহেরও কম সময়েরও ব্যবধানে সৌদির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেলকি দিয়ে দেশটির প্রাণকেন্দ্র রিয়াদের আকাশচুম্বী ভবনে দ্বিতীয়বারের মতো হামলা হুথিদের। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

হুথিদের হামলার পর সশস্ত্র গোষ্ঠীটি দমনে যেন আরও তৎপর সৌদি জোট। নতুন করে লোহিত সাগরের উপকূলবর্তী হোদেইদা বন্দর, উত্তর ইয়েমেনের সাদা ও আমরানে মুহুর্মুহ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলা হয়েছে হোদেইদাহ বিমানবন্দরেও।

এসব হামলার পর হুথিদের মুখপাত্র ইয়াহিয়া আল- সারি হুঁশিয়ারি দিয়েছেন, হোদেইদায় হামলা অব্যাহত থাকলে লোহিত সাগরের আশেপাশের সৌদি বন্দরগুলোকে পাল্টা টার্গেট করবে বিদ্রোহীরা। এরই মধ্যে পূর্ব সৌদির তেল শোধনাগার রাস তানুরায় অন্তত ৪টি ড্রোন ছুঁড়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। তবে এসব হামলা মধ্য আকাশেই প্রতিহতের দাবি করেছে সৌদি জোট।

এদিকে, রিয়াদের বেসামরিক ভবনে হুথিদের হামলার খবরে নিন্দার ঝড় বিশ্বজুড়ে। নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি, আরব লীগ, ভারত, পাকিস্তান ও কাতার। আর হুথিদের দমনে বিশ্ববাসীর সহায়তা চেয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

মধ্যপ্রাচ্যের আরেক ফ্রন্ট ইরানের হরমুজে ফের নৌ- মাইনের আঘাতে দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ও ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পসের অভিযোগ, ট্যাংকার দুটি আইআরসি অনুমোদিত রুটের পরিবর্তে জলসীমার পূর্ব উপকূল দিয়ে চলাচল করায় হামলা চালানো হয়েছে। এছাড়াও, হরমুজে ফের এমকিউ নাইন মডেলের মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

এদিকে, জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ব্যয় যুক্তরাষ্ট্রের কাছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের শঙ্কা, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তার যুদ্ধ নীতির ক্ষমতা সীমিত করার চেষ্টা চালাবে। সোমবার নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

আর আইআরজিসি প্রধানের দাবি, নতুন করে যুদ্ধ শুরু করলে ইরানের প্রতিশোধমূলক হামলা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এছাড়াও, আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনারও আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ইরানের সঙ্গে ব্যবসার তথ্য গোপন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বাণিজ্যিক তথ্য চুরির অভিযোগে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে দোষী সাব্যস্ত করেছেন নিউইয়র্কের আদালত। মঙ্গলবার ব্রুকলিনের ফেডারেল আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা ১২টি ফৌজদারি অভিযোগে ১০টিতে দোষী সাব্যস্তের রায় দেন।

২০১৮ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। আর ২০১৯ সালে জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

জেআর