নতুন সরকারের আগমনে ক্রিকেট বোর্ডেও আসছে পরিবর্তন: রাহাত শামস

বিসিবি পরিচালক রাহাত শামস
ক্রিকেট
এখন মাঠে
0

নতুন সরকারের আগমনে ক্রিকেট বোর্ডেও আসবে বদল, এমনই গুঞ্জন নির্বাচনের আগে থেকে। তবে, বিসিবি পরিচালক রাহাত শামস এখন টিভিকে জানালেন, ইতিবাচক বিষয়েই নজর তার। সে সঙ্গে জানালেন, বড় পরিবর্তন আসছে বোর্ডে।

বিশ্বকাপ, দুর্নীতি, পরিচালকদের বেফাঁস মন্তব্য, গত দুই মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখেছে সমালোচনার নানা দিক। বিসিবিকে যথাযথভাবে কাজ করতে দেয়া হচ্ছে না, এমন অভিযোগও করেছে বোর্ড পরিচালকদের কেউ কেউ। এখন টিভির সঙ্গে আলোচনায় বিসিবি পরিচালক রাহাত শামস অবশ্য জানালেন, বাইরের নানা চাপকে কাজের চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বোর্ড কর্তারা।

বিসিবির পরিচালক রাহাত শামস বলেন, ‘এটা স্বাভাবিক চ্যালেঞ্জ। এরপর এক্সটারনাল চ্যালেঞ্জ তারপর ইন্টারনাল চ্যালেঞ্জ থাকবে। কোনো একটি সিস্টেম যদি পরিবর্তন করতে চান, আপনি ভালোর দিকে যেতে চান, পারফরম্যান্সের দিকে যেতে চান ও পরিবর্তন করতে চান তাহলে এসব চ্যালেঞ্জ থাকবেই।’

আরও পড়ুন:

সাম্প্রতিক বেশ কিছু পদক্ষেপে নানা সমালোচনার জন্ম দিয়েছে বিসিবি। এরপরও বোর্ডে বড় পরিবর্তনের কথা এখন টিভিকে জানিয়েছেন এ পরিচালক।

রাহাত শামস আরও বলেন, ‘আমরা যদি বিশ্ব ক্রিকেট যে পর্যায়ে আছে তার সঙ্গে যদি পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো আমরা কতটা পিছিয়ে আছি। আর পিছিয়ে পড়া থেকে উত্তরণের জন্য কিছু দায়িত্বশীল মানুষকে বোর্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

নির্বাচিত সরকার এলে কি বদলে যাবে বোর্ডের চিত্র? নতুন কাউকে কি দেখা যাবে? পরিচালক রাহাত শামস জানালেন নিজের ভাবনার কথা।

তিনি আরও বলেন, ‘আমরা যদি সরকার থেকে আরও সহযোগিতা পাই। তাহলে বোর্ডের জন্যই ভালো হবে।’ রাজনৈতিক হাওয়া বদলের সঙ্গে বিসিবির চরিত্র আর চেয়ার বদলেছে বারবার। তিনি অবশ্য আশা করেন, নতুন সরকারের পূর্ণ সহযোগিতা পাবে বোর্ড।

জেআর