গতির ঝড়ে ‘বাজিমাত’; নাহিদের যত রেকর্ড

নাহিদ রানার উদযাপন
ক্রিকেট
এখন মাঠে
1

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে গতি এবং রেকর্ডের ঝড় তুলেছেন টাইগার পেসার নাহিদ রানা। তার এক স্পেলেই সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান গুটিয়ে গিয়েছে ১১৪ রানে। দুই দেশের একদিনের ক্রিকেটে এটিই পাকিস্তানের সবচেয়ে কম স্কোর। সেইসঙ্গে নাহিদ রানাও জন্ম দিয়েছেন জোড়া রেকর্ডের।

প্রতিটা বলই যেন উইকেটের জন্য অপেক্ষা। নাহিদ রানার ৭ ওভারের স্পেলের পুরোটাই পেস বোলিং সৌন্দর্য্যের চিরচেনা রূপ হাজির করেছে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। স্পিন সহায়ক মিরপুরে নিখাঁদ পেসের দাপট খুব বেশি দেখা যায়নি।

তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানা ছিলেন একেবারেই ব্যতিক্রম। নিজের শুরুর ৫ ওভারের প্রতিটিতেই পেয়েছেন একটি করে উইকেটের দেখা। সেটা ম্যাচের লাগাম যেমন বাংলাদেশের কাছে এনে দিয়েছে, তেমনি জন্ম দিয়েছে নানা রেকর্ডের।

নাহিদ রানা এ দিন দেখা পেয়েছেন নিজের প্রথম ওয়ানডে ‘ফাইফারের’। পাকিস্তানের বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের ৫ উইকেট পাওয়ার দ্বিতীয় নজির এটি। এমনকি দ্বিপাক্ষিক এ লড়াইয়ে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারও এখন নাহিদ রানার। পেছনে ফেলেছেন ২০১৯ বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের ৭৫ রানে ৫ উইকেটের স্পেলকে।

আরও পড়ুন:

নাহিদ রানা নিজের স্পেল শেষ করেছেন ২৪ রানে ৫ উইকেটের বিনিময়ে। মিরপুরের এ মাঠে বাংলাদেশি পেসার বিবেচনায় এটি তৃতীয় সেরা বোলিং ফিগার। সামনে ছিল রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমানের ৬ উইকেটের স্পেল। ৭ ওভারের পর বোলিংয়ের সুযোগ পেলে নাহিদের নাম থাকতে পারতো আরও ওপরে।

চাঁপাই এক্সপ্রেসের এমন আগুন ঝরানো বোলিংয়ের সামনে বিব্রতকর রেকর্ড গড়েছে পাকিস্তানও। বাংলাদেশের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ১১৪ রানে অলআউট হয়েছে শাহিন আফ্রিদির দল। পেছনে পড়েছে ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের ১৬১ রানে অলআউটের ইনিংসটি।

গতির ঝড় তুলে বাংলাদেশের ক্রিকেটে পা রেখেছিলেন নাহিদ রানা। নিজের প্রথম ফাইফারের দিনে সেই প্রতিভার প্রমাণ দিয়েছেন আরও একবার। তাতে প্রথম ম্যাচে সহজ জয়ে সিরিজে ড্রাইভিং সিটে বাংলাদেশ।

এসএইচ