৭ অক্টোবর, ২০২৫, নির্বাচনের পর প্রথম বিসিবি বৈঠক। এর আগের এক বছর ক্রিকেট বোর্ড পরিচালিত হয়েছিল কেবল ৮ জনকে নিয়ে। ৭ অক্টোবর বিসিবির বোর্ড সভা ছিলো হাউজফুল। হাজির হয়েছিলেন ২৫ পরিচালকই। তবে মাত্র ৬ মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যেন দাঁড়িয়ে দিশেহারা অবস্থায়।
৪ এপ্রিলের নির্ধারিত বোর্ড সভা শেষে একে একে পদত্যাগ করেছেন বিসিবির চার পরিচালক। ঘড়ির কাঁটায় মাত্র সাড়ে ৪ ঘণ্টার ব্যবধানে একে একে সরে গেলেন ফাইজুর রহমান মিতু, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী এবং মনজুর আলম। পদত্যাগের পর এখন টিভিকে শানিয়ান তানিম জানান, অজ্ঞাত কারণে পদত্যাগ করেছেন তিনি। আর মনজুর আলম বললেন, পারিবারিক কারণে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। দেশের বাইরে থেকেই তাই মেইলে নিজের পদত্যাগপত্র বিসিবিকে জমা দিয়েছেন মেডিকেল বিভাগের চেয়ারম্যান।
আরও পড়ুন:
একের পর এক পদত্যাগ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন মিডিয়া কমিটি চেয়ারম্যান মোকসেদুল কামাল বাবু। আর বিষয়টিকে অস্বাভাবিক বলেই মেনে নিয়েছেন আরেক পরিচালক ইফতেখার মিঠু।
বিসিবি মিডিয়া কমিটি পরিচালক ও চেয়ারম্যান মোকসেদুল কামাল বাবু বলেন, ‘যারা পদত্যাগ করেছেন তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এটি তাদের বিষয়।’
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘স্বাভাবিকই বলবো। যার যার পার্সোনাল রিজনে করেছে। এখন যদি বলতো বা দেখতাম কোনো কারণ ঘটেছে যার প্রেক্ষিতে রিজাইন করেছে, এমন তো না। ডিসকাশন করে তো রিজাইন করেছে এমনও তো না।’
সবমিলিয়ে এখন পর্যন্ত বিসিবি থেকে পদত্যাগ করেছেন ৭ পরিচালক। টালমাটাল অবস্থায় থাকা বিসিবি এবার কীভাবে সামনের দিনগুলো সামাল দেয়, সেটাই দেখার বিষয়।





