মিরপুরের পিচে ঘাসের আভাস, উইকেটে বাউন্স; পেসাররা পেয়েছেন বাড়তি সুবিধা। নাহিদ রানা যেন এরই অপেক্ষায় ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরু থেকেই ছিলেন আগ্রাসী। নিজের স্পেলের প্রথম দুই ওভারেই ফিরিয়েছেন দুই কিউই ব্যাটারকে। নিউজিল্যান্ডকে অল্প রানে বেঁধে রাখার শুরুটা হয়েছিলো চাঁপাই এক্সপ্রেসের হাত দিয়েই।
নিউজিল্যান্ড যখন ম্যাচে ফেরার চেষ্টায়, তখনও অধিনায়ক মিরাজের ভরসার পাত্র ছিলেন নাহিদ রানা। ভেঙেছেন মোহাম্মদ আব্বাস এবং নিক কেলির ৫৬ রানের জুটি। ডিন ফক্সক্রফটের ইনিংসটাও বড় করতে দেননি। নিজের শেষ ওভারে লেনক্সের উইকেট নিয়ে পূরণ করেছেন ফাইফার।
আরও পড়ুন:
মিরপুরের পিচে কোনো পেসারের একাধিকবার ফাইফার নেয়ার দ্বিতীয় ঘটনা এটি। মুস্তাফিজুর রহমান ক্যারিয়ারে ৩ বার ফাইফার পেয়েছেন ঢাকার এই হোম অব ক্রিকেটে।
পাকিস্তান সিরিজের পর আজকের ফাইফারে নাহিদ ঢুকলেন সেই ছোট এলিট লিস্টে। সেইসঙ্গে দেশি পেসারদের সেরা স্পেলের বিবেচনায় ৪ নাম্বারে আছে চাঁপাই এক্সপ্রেসের নাম।
নাহিদ নিজের স্পেল শেষ করেছেন ৩২ রানে ৫ উইকেট নিয়ে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফাইফারের তালিকায় মুস্তাফিজ, আব্দুর রাজ্জাক এবং সাকিব আল হাসানের পরেই এখন শোভা পাচ্ছে নাহিদ রানার নাম।





