তামিমসহ পাঁচ সাবেক ক্রিকেটারকে এমসিসির আজীবন সদস্যপদ

এমসিসির সদস্যপদ নিচ্ছেন তামিম ইকবাল
ক্রিকেট
এখন মাঠে
0

দেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দিয়েছে ক্রিকেটের শতবর্ষী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। পাঁচজন সাবেক ক্রিকেটারকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়ার ঘোষণা দেয় এমসিসি।

ক্রিকেট বিশ্বে বাংলাদেশের জন্য এলো নতুন গৌরবের খবর। ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব সম্মানসূচক আজীবন সদস্যপদ দিয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। দীর্ঘ ক্যারিয়ারের অসাধারণ অবদানের স্বীকৃতিতে এই সম্মান পেলেন তিনি, যেখানে জায়গা করে নিয়েছেন বিশ্বের আরও চার কিংবদন্তি ক্রিকেটার।

এক বিজ্ঞপ্তিতে পাঁচজন সাবেক ক্রিকেটারকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়ার ঘোষণা দেয় এমসিসি। সেই তালিকায় তামিম ইকবালের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, ভারতের চেতেশ্বর পূজারা এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মেল জোন্স।

এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসনের ভাষায়, ক্রিকেটের প্রতি আজীবন নিবেদন ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা পাচ্ছেন তারা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল। টেস্টে দেশের হয়ে পাঁচ হাজারের বেশি রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখান এই বাঁহাতি ওপেনার। আর ওয়ানডেতে তার সংগ্রহ আট হাজারেরও বেশি রান। সম্প্রতি বিসিবির সভাপতির দায়িত্বও নিয়েছেন তিনি।

লর্ডসের ঐতিহ্যের সঙ্গে তামিমের সম্পর্ক ছিল আগেই। এবার সে সম্পর্ক আরও দৃঢ় হলো এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদের মাধ্যমে। বাংলাদেশের ক্রিকেটের পালকে যুক্ত হলো গর্বের অর্জন।

এএইচ